ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিন আলোচিত ছবি

অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০-এর পর্দা উঠবে আগামী ১১ জানুয়ারি। প্রতিবারের মতো এবারও নানা আয়োজনে মুখর থাকবে উপমহাদেশের অন্যতম এই চলচ্চিত্র উৎসব। উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে মোট ১১টি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের তিন চলচ্চিত্র নাসির উদ্দিন ইউসুফ নির্মিত আলফা, তৌকির আহমেদ পরিচালিত ফাগুন হাওয়া এবং ১১ তরুণ নির্মাতার পরিচালনায় বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। ছবি তিনটিই ২০১৯ সালের আলোচিত ছবি। এর মধ্যে ‘আলফা’ ও ‘ইতি, তোমারই ঢাকা’ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে এবং চলতি বছরে অস্কারে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ‘আলফা’ ছবিটি।

ছবিগুলো দেখানো হবে রাজধানীর ছয়টি ভেন্যু অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম, মধুমিতা সিনেমা হল, জাতীয় জাদুঘর অডিটোরিয়াম ও স্টার সিনেপ্লেক্সে। এবারের চলচ্চিত্র উৎসবের মূল প্রতিপাদ্য ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। ১৯ জানুয়ারি শেষ হবে এ উৎসব। এর আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, এই আসরে বাংলাদেশ প্যানারোমা ছাড়াও সাতটি বিভাগে এ বছর মোট সত্তরটি বেশি দেশ থেকে অন্তত ২০০টির মতো চলচ্চিত্র দেখানো হবে। ওয়েস্ট মিটস ইস্ট, উইমেন কনফারেন্স’র বিভিন্ন বিভাগে থাকবে চলচ্চিত্র নিয়ে মত বিনিময় সভা।