ওরা একটা লাশ চেয়েছিল: ঢাবি উপাচার্য

ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে দেখতে গিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় তিনি নুরকে বলেন, 'ওরা একটা লাশ চেয়েছিল'।

রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিপি নুরকে দেখতে যান উপাচার্যা। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।

তারা নুরের খোঁজখবর নেন। 

এ সময় উপাচার্যকে বলতে শোনা যায়, 'আমি তথ্য পেয়েছি অনেক বহিরাগত এসেছিল। আমাকে ছবি দেখিয়েছিল প্রক্টর। আমার ধারনা তোমাকে আটকে রেখে ওরা একটা লাশ চেয়েছিল। তুমি তাদের ষড়যন্ত্রের শিকার। তাছাড়া এমন আটকে রাখা হবে কেন'?

শিক্ষার্থীরা ভিসিকে হামলার নানা বিষয়ে অবগত করেন।

রোববার বেলা পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।

এতে ২৪ জন আহত হন। আহতদের মধ্যে তুহিন ফারাবি লাইফ সাপোর্টে আছেন।