নোয়াখালীতে গ্রেপ্তার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালীর চাটখিলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির উদ্দিন ওরফে কসাই মনির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত মনির উদ্দিন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় ১৬টি মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধের সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মনিরকে রবিবার গ্রেপ্তার করা হয়।

তিনি অস্ত্র ও মাদকসহ ১৬টি মামলার আসামি। পরে তার দেওয়া তথ্যমতে, অস্ত্র ও মাদক উদ্ধারে রাত ২টার দিকে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকার গনি মিয়ার বাড়িতে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে নিজ বাহিনীর গুলিতে মনির উদ্দিন নিহত হন।

ওসি আরও জানান, এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড গুলি, ছোরা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।