বলিউড সিনেমা বান্টি অওর বাবলিতে রানি মুখোপধ্যায়ের বিপরীতে অভিষেকের রোমান্স দেখেছে দর্শক। এবার ছবির সিক্যুয়েলে অভিষেকের পরিবর্তে সাইফ আলি খানকে দেখা যাবে।
প্রায় ১১ বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন রানি ও সাইফ। কিন্তু প্রথমে নাকি সাইফ বান্টি অওর বাবলি-টুতে অভিনয় করতে রাজি হননি। প্রাথমিকভাবে ফিরিয়েও দিয়েছিলেন প্রযোজনা সংস্থাকে।
‘লাল কপ্তান’ছবিটি নিয়ে আশাবাদী ছিলেন অভিনেতা। কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। আর এ দিকে সাইফের থেকে সাড়া না পেয়ে যশরাজ ফিল্মস মাধবনের সঙ্গে কথাবার্তা শুরু করে। সে খবর কারিনার কানে পৌঁছতেই তিনি নাকি সরাসরি ফোন করেন রানিকে। আর সাইফকেও রাজি করান ছবিটি করতে।
স্বাভাবিকভাবে ছবিটির সিক্যুয়েলেও অভিষেককে ভাবা হয়েছিল। অভিনেতা নাকি রাজিও ছিলেন। সমস্যা হয় ডেটের। সুজয় ঘোষের তত্ত্বাবধানে ‘কহানি’র স্পিনঅফ মুভি ‘বব বিশ্বাস’-এ নাম ভূমিকায় অভিনয় করছেন অভিষেক। এ কারণে শেষমেশ তিনি ফিরিয়ে দিয়েছেন বলে বলিউড সূত্রের খবর।
এদিকে তিনি ছবিটি ‘না’ করায় রানি বলেছেন, ‘আমরা অভিষেককে মিস করব।’
পাশাপাশি রানি প্রশংসা করেছেন সাইফের। তারা দু’জনে ‘হাম তুম’, ‘তা রা রম পম’, ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’ ছবিতে একসঙ্গে করেছেন।
সাইফ-রানি ছাড়াও সিদ্ধান্ত চতুর্বেদী এবং নবাগতা শর্বরীকে দেখা যাবে এই ছবিতে।