দলীয় কার্যালয়ে ক্যারাম খেলে বিদ্রূপের শিকার মিমি!

রাজনীতির ময়দানে মিমি চক্রবর্তীর ব্যস্ততা চোখে পড়ার মতো। নিয়মিত নিজের দল তৃণমূলকে সময় দিচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক সভা ও মিছিলে দেখা গেছে সম্প্রতি।

শনিবার ফেইসবুকে একটি ভিডিও শেয়ার করেন মিমি। সেখানে দেখা যায় দলীয় কার্যালয়ে সহকর্মীদের সঙ্গে জমিয়ে ক্যারাম খেলছেন এই অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ। ক্যাপশনে লেখেন, “গতকাল আমার কার্যালয় থেকে ফেরার সময়, ক্যারাম খেলার মুহূর্তে।”

মিমি কেন দলীয় কার্যালয়ে ক্যারাম খেলবেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। ওই পোস্ট ভরে যায় নানা বিরূপ মন্তব্যে। কেউ লেখেন, “পার্লামেন্টে যাওয়ার সময় নেই, ক্যারাম পেটাচ্ছে। অসাধারণ আপনাদের ধ্বংসলীলা।”

কেউ আবার লিখেছেন, “কার্যালয়ে যাওয়ার ভিডিও আছে, ওখানে কাজের কোনো ভিডিও নেই! রাজনীতি খেলা নয়। একটু মানুষের দিকেও তাকান।”

যদিও অনেকেই মিমির স্বপক্ষে প্রশ্ন রেখেছেন, “সাংসদ বলে কি ক্যারাম খেলার অধিকারও নেই’? একজন লেখেন, “উনি সেলিব্রিটি বলেই কি তাকে নিয়ে এত খারাপ মন্তব্য। এত ঘৃণা কেন? উনি একজন অভিনেত্রী। এখন সাংসদ হয়ে মানুষের মাঝে থেকে কাজ করতে চাইছেন। তাতেও খারাপ কথা বলে যাচ্ছেন তাকে! মিমিদি যে যা বলছে বলুক কান দিয়ো না। বাদ দাও। তুমি তোমার মতো কাজ করে যাও।”

আরেকজনের বক্তব্য, “এইভাবেই কাজ করে যাও আর জনসংযোগ চালিয়ে যাও। কারও  কথায় কান দিও না আর কোনো প্ররোচনায় পা দিও না। তোমার অগ্রগতি কেউ রুখতে পারবে না। তোমার রাজনৈতিক ক্ষেত্রের প্রভূত সাফল্য কামনা করি।”

এ দিকে অনেক দিন বড়পর্দায় দেখা নেই মিমির। মাঝে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। সামনে অরিন্দম শীলের একটি সিনেমায় তাকে দেখা যাবে।