তবু স্ট্রাইকার কিনতে চান না জিদান!

গোলের জন্য মাথা ঠুকে মরলেও জানুয়ারিতে নতুন কোনো স্ট্রাইকারকে দলে ভেড়াতে চান না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

রিয়াল নিজেদের শেষ তিন ম্যাচে মাত্র একটি গোল করেছে। তিনটি ম্যাচই হয়েছে ‘ড্র’। দুটি আবার গোলশূন্য। ১৩ বছর পর দলটি লা লিগায় এভাবে টানা গোলশূন্য ‘ড্র’ করল।

রবিবার অ্যাথলেটিকের বিপক্ষে ‘ড্র’ করে জিদান বলেন, ‘আমরা প্রতি ম্যাচে অনেক সুযোগ পাচ্ছি। কিন্তু কাজে লাগানো যাচ্ছে না। আমি মূলত চিন্তায় আছি খেলোয়াড়দের নিয়ে। এই মুহূর্তে কোনো স্ট্রাইকার কেনার দরকার আছে বলে মনে করি না।’

ভালো সুযোগ পেয়েও গোল করতে না পারায় জিদান হতাশ হলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী, ‘অনেক অনেক সুযোগ পাচ্ছি আমরা। এটা ধরে রাখতে হবে। গোল হয়তো পাচ্ছি না, তাই বলে মাথা নিচু করে থাকতে চাই না। ২০২০ সাল ভালোভাবে শুরু করতে চাই আমরা।’