সরকার প্রবৃদ্ধিকেন্দ্রিক উন্নয়নের দিকে মন দিয়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল।
সোমবার দুপুরে নেত্রকোনার শিবগঞ্জ রোডের স্বাবলম্বী উন্নয়ন সমিতির মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের একটি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে তিনি এসব কলা বলেন।
সুলতানা কামাল বলেন, আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে এবং সমাজ বিশ্লেষক হিসেবে এটা দেখতে পাই, যে আসলে আমাদের বর্তমান সরকারের অগ্রাধিকার সরে গেছে। তারা এখন প্রবৃদ্ধিকেন্দ্রিক উন্নয়নের দিকে মন দিয়েছে। আমাদের বসে থাকলে চলবে না। এগুলোর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
তিনি বলেন, আমাদের যুদ্ধটার নাম দিয়েছিলাম মুক্তিযুদ্ধ। মানুষের অধিকার বা মুক্তির জন্যই এ নাম দিয়ে ছিলাম আমরা। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আজকে ঠিকই দেশ পরিচালনা করার দায়িত্বে আছে। কিন্তু তারা মানুষের মুক্তির দিকে নেই আজ। তাদের অগ্রাধিকারটা অন্য দিকে চলে গেছে।
তিনি বলেন, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতির মধ্য দিয়ে নারীর প্রতি যে মনোভাব পরিবর্তনের প্রয়োজন ছিল তা করা হয়নি। যখন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনা হলো সেটা অত্যন্ত নারী বিদ্বেষী জায়গা থেকে করা হলো। তার মানে রাষ্ট্র একটা আপসকামীতার চলে গেছে। আর সেটা দুর্বৃত্তরা টের পেয়ে গেছে।
আমাদের দেশে বিচারহীনতার একটা সংস্কৃতি তো রয়েই গেছে উল্লেখ করে সুলতানা কামাল বলেন, দুর্বলের ওপর সবলের অত্যাচারের পাশাপাশি আমাদের পারিবারিক সামাজিক ক্ষেত্রে নানা ধরনের প্রশাসনিক নৈতিক স্খলন রয়েছে। সেই জায়গায় রাষ্ট্রের থেকে নারীর প্রতি যে মনোভঙ্গিটা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে পরিবর্তন করার দরকার ছিল সেটা করতে পারেনি।
সভায় অ্যাডভোকেট শীতাংশু বিকাশ আচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট দিলুয়ারা খানম প্রমুখ।