চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিক, প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা চট্টগ্রাম-০৮ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের একক প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ- নৌকা; বিএনপির একক প্রার্থী আবু সুফিয়ান- ধানের শীষ; বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ- টেলিভিশন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ- চেয়ার; স্বতন্ত্র প্রার্থী মো. এমদাদুল হক- আপেল ও ন্যাপের বাপন দাশগুপ্ত- কুঁড়েঘর।
আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বোয়ালখালী উপজেলার শাকপুরা বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে উপজেলার শাকপুরা চৌমুহনী, খিজিরপুর হয়ে বোয়ালখালী উপজেলা পরিষদ পৌঁছে শেষ হয়। এ সময় মোছলেম উদ্দিনের সাথে বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোকারম চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন, অ্যাডভোকেট মুজিবুল হক, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।
একইভাবে, প্রতীক বরাদ্দ পেয়ে বিএনপির আবু সুফিয়ান বিকেল ৩টার দিকে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। নগরের চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তিনি। এ সময় আবু সুফিয়ানের সাথে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্যসচিব মোস্তাক আহমেদ খান, মোরতাজুল করিম বাদরু প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদলের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। ১৮৯টি কেন্দ্রে আগামী ১৩ জানুয়ারি আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।