সরকারি হাইস্কুলের প্রথম শ্রেণিতে ভর্তির লটারি আজ

সরকারি হাইস্কুলের প্রথম শ্রেণিতে ভর্তির লটারি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। পূর্বঘোষণা অনুযায়ী সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়) প্রথম শ্রেণির ভর্তির এই কার্যক্রম শুরু হবে। এদিন বিকেলে লটারির ফল প্রকাশ করা হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানায়, চলতি বছর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (হাইস্কুল) প্রায় ৬০ হাজার আসন শূন্য ঘোষণা করা হয়েছে। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সারা দেশের প্রায় ৪০০ হাইস্কুলে এসব আসন রয়েছে। এর মধ্যে রাজধানীর ৪২টি সরকারি হাইস্কুল ও এর ফিডার শাখায় ভর্তি করা হবে প্রায় হাজার শিক্ষার্থী।
জানা গেছে, এবার ঢাকায় ১৪টি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি করা হবে। হাইস্কুলে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১ হাজার ২৬০টি আসন রয়েছে। এসব আসনে ভর্তির জন্য ২০ হাজার ৩৬৮টি আবেদন জমা পড়েছে। অন্যদিকে, সারা দেশের ৩৫৮টি বিদ্যালয়ে প্রথম শ্রেণির ভর্তিতে ২ হাজার ৩২৮টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২৪২টি আবেদন পড়েছে।