জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ ডাকসু ভিপি নুরুল হক নুরসহ ছাত্রদের ওপর যে জঘন্য ও বর্বর হামলা করেছে তা লাখো শহীদদের প্রতি চরম অবমাননা। গতকাল সোমবার রাজধানীর মতিঝিলের আইনি চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। একই সঙ্গে ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
এর আগে গতকাল সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, হামলায় জড়িতদের বিচার করা হবে। সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্ট এ ঘটনার বিচারের আশা করে কি না জানতে চাইলে ড. কামাল বলেন, ‘উনি (কাদের) কি নিজের বিচার শুরু করবেন নাকি? নিজেকে আসামি ঘোষণা করে বিচার করলে একটা কথা হবে।’