বর্তমান ‘স্বৈরাচার সরকারের’ পতন না হলে দেশের শিক্ষাঙ্গন, দেশ ও দেশের মানুষ কেউই নিরাপদ থাকতে পারবেন না বলে এক বিবৃতিতে দাবি করেছেন নব্বইয়ের ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ও তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের ১০ জন নেতা। ডাকসু ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের ওপর হামলার ঘটনায় গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তারা।
ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন স্বাক্ষরিত বিবৃতিতে নুরের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, শত সংগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে ছাত্র আন্দোলনের সুমহান ঐতিহ্যের ধারক ডাকসু ভবন। এই ভবনেই গত রবিবার ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা দফায় দফায় নুরসহ অন্যদের ওপর নারকীয় তাণ্ডব চালায়। এতে ডাকসু ভিপি নুরসহ ২৬ জন ছাত্রকর্মী আহত হন।