ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম অভিযোগ করে বলেছেন, বিলাসবহুল গাড়িতে চড়া অনেকেই গাড়ির গ্লাস খুলে রাস্তায় ময়লা ফেলেন। যে মাটিতে মুক্তিযুদ্ধের শহীদেরা ঘুমিয়ে আছেন, জাতির জনক এবং তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে আছেন, সেই মাটিতে ময়লা ফেলা নির্লজ্জ জাতি বলেই সম্ভব।
গতকাল সোমবার রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত প্রায় ৩০ লাখ প্লাস্টিক বোতলের এই প্রদর্শনী আয়োজন করে বিডি ক্লিন নামে একটি সংগঠন। সংগঠনটির প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই প্রমুখ।
মেয়র আতিকুল প্লাস্টিক বর্জ্যরে ভয়াবহতা অনেক মন্তব্য করে বলেন, একটি প্লাস্টিক বোতল ডিকম্পোজ হতে ৪৫০ বছর সময় লাগে। এখন পৃথিবীতে প্রায় নয় দশমিক ছয় বিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য আছে। ২০৩০ সাল নাগাদ সাগরে মাছের থেকে প্লাস্টিক বর্জ্য বেশি হবে। ঢাকা শহরে প্রতিদিন সাড়ে তিন হাজার টন বর্জ্য উৎপন্ন হয়, যা ২০২১ সালে পাঁচ হাজার টনে উন্নীত হবে।