স্কুল-কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে মাদকের বিরুদ্ধে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের উপস্থিতিতে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। 'দৌড়াও' শিরোনামে এই ম্যারাথনের আয়োজন করেছে র্যাব।
অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, ‘আমি আমাদের দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে বলব, মাদকের সঙ্গে যাতে কারও কোন সংস্পর্শ না থাকে। কারণ যদি আমাদের নিজেদের মধ্যে এই সমস্যা থাকে, তাহলে এটা... চ্যালেঞ্জিং হয়ে যায়। বাহিনীর মধ্যে কেউ যেন মাদক সেবন না করে বা মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ততা না রাখে এবং এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
র্যাবের মহাপরিচালক বলেন, শুধু অপারেশন করে মাদক বন্ধ করা যাবে না। চাহিদা বন্ধ করে, সামাজিক সচেতনতা বৃদ্ধি করে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব।
তিনি বলেন, রোহিঙ্গাদের ছোট্ট একটি অংশ মাদক কারবারির সঙ্গে জড়িত জানিয়ে তিনি বলেন, তারা সীমান্তের ওপার থেকে মাদক নিয়ে আসে। মাদক নিষ্ক্রিয় করা সম্ভব না হলেও অভিযানে মাধ্যমে দুষ্প্রাপ্য করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।