সুনামগঞ্জে মানববন্ধন

অবিলম্বে সব হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরুর দাবি

সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ অবিলম্বে শুরু, গণশুনানি করে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন ও উপজেলা পর্যায়ে থাকা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলীদের বদলির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পৌর শহরের আলফাতউদ্দিন স্কয়ারে ‘হাওর বাঁচাও আন্দোলন’ সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আবু সুফিয়ান ও সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জ্যেষ্ঠ সদস্য ইয়াকুব বখত, নির্মল ভট্টাচার্য ও রবিউল ইসলাম, সদর উপজেলা কমিটির সদস্য সচিব শহীদনূর আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে সব হাওরে বাঁধের কাজ শুরু হওয়ার কথা। কিন্তু এ পর্যন্ত হাতেগোনা কয়েকটি স্থানে কাজ শুরু হয়েছে। অনেক উপজেলায় এখনো পিআইসি গঠনের কাজ শেষ হয়নি। অবিলম্বে সব হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না হলে পাউবো কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।