এনআরসি নিয়ে আলোচনাই হয়নি দাবি অমিত শাহ’র

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথার রেশ ধরে দেশটির  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ‌‘গোটা দেশে নাগরিকপঞ্জি নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা বা বিতর্ক হয়নি’।     

 এর আগে রামলীলা ময়দানে একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। নাগরিকপঞ্জি নিয়ে ভারতজুড়ে চলা বিতর্কের মাঝেই একেবারে অবস্থান বদল করে ফেললেন বিজেপির সভাপতি। মঙ্গলবার  সর্বভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া সাক্ষাত্কারে তিনি এই দাবি করেন।  

এর আগে সংসদেও অমিত শাহ ঘোষণা করেছিলেন দেশজুড়ে এনআরসি করবে বিজেপি সরকার। এরপর সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়। নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জির বিরোধিতায় উত্তপ্ত হয়েছে গোটা ভারত।

ক্ষোভ সামাল দিতে রবিবার রামলীলা ময়দানের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‌‘১৩০ কোটি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, ২০১৪ সালে আমার সরকার আসার পর থেকে এনআরসি নিয়ে কোনও আলোচনাই হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আসমে এনআরসি হয়েছে’।

তিনি আরও বলেন, ‌‘মিথ্যা রটানো হচ্ছে। অনেক নেতা টিভি চ্যানেলে দাবি করছেন, গোটা দেশে এনআরসি করতে বিশাল খরচ বইতে হবে। কিন্তু যে জিনিস নেই, তার জন্য কেন মগজ লাগাচ্ছেন’? 

মঙ্গলবার অমিতশাহ বলেন, প্রধানমন্ত্রী ঠিক বলেছেন। গোটা দেশে এনআরসি নিয়ে আলোচনা হয়নি।

নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে আসাম ছাড়া দেশর সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২০ এর ১ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আদমশুমারি করার কথা।