সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জিতেছেন ছয়টি ব্যালন ডি’অর। অন্য দিকে বয়স মাত্র ২১ হলেও ফুটবল বিশ্বে নিজেকে এরইমধ্যে চিনিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপে। মেসির মতো খেলোয়াড় তার দিকে নজর রেখেছেন, বিষয়টি জেনে বেশ তৃপ্তি পেয়েছেন এমবাপে। নেইমারের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব নেই বলেও জানিয়েছেন এমবাপে। প্রশ্ন জাগতেই পারে মেসি কেন এমবাপের দিকে নজর রেখেছেন? তবে কি ফরাসি এই তারকাকে বার্সায় চান মেসি? না আপাতত ব্যাপারটা মোটেও তা নয়। গেল মৌসুমে ‘গোল্ডেন শু’ প্রতিযোগিতায় ভালোভাবেই মেসিকে টক্কর দেন এমবাপে। লা লিগায় ৩৬ গোল নিয়ে ২০১৮-১৯ মৌসুমের গোল্ডেন শু জিতেছিলেন মেসি। তার পরেই ছিলেন এমবাপে। ফরাসি লিগ ওয়ানে তিনি করেছিলেন ৩৩ গোল। ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপে জানান, ‘গেল মৌসুমে, আমার মনে হয়েছিল যে আমি এটা (গোল্ডেন শু) জেতার জন্য চেষ্টা করতে পারি। কিন্তু আমার সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন মেসি। যখন আমি দুই গোল করতাম, তখন তিন গোল করত। আমি তিন গোল করলে তিনি চার গোল করতেন। এটা পাগলাটে একটা ব্যাপার ছিল।’ মেসি যে এমবাপের দিকে নজর রাখছিলেন তা জেনেছেন ওসমান দেম্বেলের মাধ্যমে। এমবাপের জাতীয় দলের এই সতীর্থ খেলেন বার্সেলোনাতেই। এমবাপে বলেন, ‘আমি দেম্বেলেকে জিজ্ঞেস করেছিলাম এটা কীভাবে সম্ভব, তিনি কি আমার গোলগুলো দেখছিলেন। দেম্বেলে তখন বলেছিল অবশ্যই, মেসি আমাকে দেখছেন। এটা অবশ্যই আমার জন্য আত্মতৃপ্তির ব্যাপার যে তার (মেসি) মতো একজন খেলোয়াড় আমার দিকে নজর রাখছে।’ ইন্টারনেট।