যে অজিত পাওয়ার নিজের দল এনসিপিকে ধোঁকা দিয়ে বিজেপির হাত ধরেছিলেন সেই তিনি আবার উপমুখ্যমন্ত্রী হচ্ছেন!
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ৩০ ডিসেম্বর অজিত শপথ নিতে যাচ্ছেন।
অনেক জলঘোলার পর গত ২৮ নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। তার আগে দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ার মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এক প্রকার বিতাড়িত হন। দুজনের পদত্যাগের মধ্যে দিয়ে শেষ হয় সেই নাটক।
চলতি সপ্তাহে মন্ত্রিসভার বিন্যাস করে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করার কথা উদ্ধব ঠাকরের। তার আগেই অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করার দাবি তুলতে শুরু করেছে এনসিপি।
মঙ্গলবার এনসিপি নেতা নবাব মালিক জানান, ‘এনসিপির কর্মী সমর্থকেরা চাইছেন, অজিত ফের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হোন। আমরা দলের নেতাদের সেকথা জানিয়েও দিয়েছি। শীঘ্রই মন্ত্রিসভার বিস্তার হবে। তখনই বোঝা যাবে কে কোন দায়িত্ব পাচ্ছে।’
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে দল ভেঙে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন অজিত। দলের কয়েকজন বিধায়ককে নিয়ে যান তিনি। রাতারাতি শপথ নেন উপমুখ্যমন্ত্রী পদে। মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়ণবিস। শেষপর্যন্ত বিজেপির সেই সরকার টেকে না। অজিত পদত্যাগ করে এনসিপি শিবিরে ফিরে আসেন।