যেখানে প্রথম সপ্তাহে ২০০ কোটি রুপি ব্যবসার অঙ্ক পেরিয়ে যাওয়া স্বাভাবিক, সেখানে সালমান খানের শেষ ছবি মাত্র ১৪০ কোটিতেই থেমে যাবে- এমন আঁচ পাওয়া যাচ্ছে। তারপর ছবির অভাব নেই সালমানের। সামনে দেখা যেতে পারে বিএসএফ জাওয়ানের চরিত্র।
বলা হচ্ছে, এই নায়কের ‘দাবাং থ্রি’র এই থমকে যাওয়া বলিউডে খান রাজত্ব শেষ হওয়ার নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শাহরুখ বা আমিরের সর্বশেষ সিনেমা ছবি বক্স অফিসে রেকর্ড গড়েনি। এবার সালমানও পারলেন না।
‘দাবাং থ্রি’ সমালোচকদের প্রশংসা কুড়োতে পারেনি ঠিকই। কিন্তু ভাইজানের ছবি দেখার লোকের অভাব হয় না সাধারণত। এ ছবির ব্যবসায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতজুড়ে সিএএ এবং এনআরসি প্রতিবাদ। বিহারে ধর্মঘট চলার কারণেও এই ছবির ব্যবসা কিছুটা কমেছে।
এ দিকে শোনা যাচ্ছে, একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সালমান ও ফারহান আখতার। সম্প্রতি সাল্লুর বাড়িতে ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন ‘দিল চাহতা হ্যায়’ পরিচালক। যদিও এই প্রথমবার নয়। তবে এ ছবিটি চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
সত্তরের দশকের নামকরা জুটিদের মধ্যে অন্যতম ছিল সেলিম-জাভেদের জুটি। তাদের হাউস থেকেই বেরিয়েছে ‘শোলে’, ‘জিঞ্জির’, ‘ডন’-এর মতো হিট। একটা সময়ে তাদের জুটি ভেঙে যায়। তা-ও প্রায় ৩৭ বছর আগে। একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাদের পরবর্তী প্রজন্মকেও। যদিও সালমান এবং জাভেদ আখতারের ছেলে ফারহানের মধ্যে সুসম্পর্ক আছে বলেই শোনা যায়।
এর আগে নাকি সালমানের কাছে দুটি ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন ফারহান। তবে তা বাস্তবায়িত হয়নি।
এবারের ছবিটি বায়োপিক বলে শোনা যাচ্ছে। বিএসএফ জওয়ানের চরিত্রে অভিনয় করবেন সালমান। পরিচালনা ও প্রযোজনায় থাকছেন ফারহান।
আপাতত সালমানের হাতে রয়েছে ‘রাধে’ ও ‘কিক টু’। ফারহান শুটিং করছেন রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘তুফান’-এর জন্য। ফারহানের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজ়ির আগামী ছবি নিয়েও দর্শকের মধ্যে আগ্রহ রয়েছে। তবে আপাতত অভিনেতা-পরিচালকের সে দিকে নজর নেই বলেই মনে হচ্ছে। তাহলে হয়েও যেতে পারে সালমান ও ফারহানের প্রথম ছবি!