জনরায় প্রতিফলিত হবে না জেনেও ঢাকার দুই সিটির নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে আপত্তি তুলে তিনি বলেছেন, ‘ঢাকার সিটি নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট হলে জনগণের রায় প্রতিফলিত হবে না। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু ভোট হয়নি।’
বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় আংশিক কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আমরা পরিষ্কার করে বলেছি- বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হতে পারে না। জনগণের যে রায় সেটাও প্রতিফলিত হবে না। তারপরও আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি তাই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।’
মির্জা ফখরুল বলেন, ‘এখানে আরেকটু সমস্যা হয়েছে ইভিএম নিয়ে। নির্বাচন কমিশন ও সরকার বলেছে- ভোট হবে ইভিএম পদ্ধতিতে। অথচ এই ইভিএম সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত। আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি।’
‘আমরা বলেছি, আমরা মনে- করি এটা সঠিক হবে না। এ কারণে আমরা মনে করি ইভিএমে জনগণের রায় প্রতিফলিত হবে না। এটা ত্রুটিযুক্ত। তাতে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম’ যোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে ছাত্রদল নেতারা বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা বিরাজ করছে, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্ত করতে শপথ নিয়েছে। এই ছাত্রদল সংগ্রাম করে বাংলাদেশ ছাত্র এবং জনতার ঐক্য গড়ে তুলবে।’
এ সময় খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি খ্রিস্টান ধর্মাবলম্বীদের। আমরা আশা করছি, এর মাধ্যমে সুন্দর শান্তিময় পরিবেশ পরিস্থিতি গড়ে উঠবে।’
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা সাবেক ডাকসু এজিএস নাজিমউদ্দিন আলম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শিমুল, যুবদল সাধারণ সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুল হক খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন, মো. হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনে কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।