সনজিত-সাদ্দামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান ছাত্রলীগ নেতার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে এ ঘটনায় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত। 

তানভীর ছাত্রলীগ প্যানেল থেকে ডাকসু সদস্য নির্বাচিত হন। গণরুমের বিরুদ্ধে আন্দোলন করে তিনি আলোচনায় আসেন। নাট্যকলা বিভাগের এ ছাত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য। 

রোববার ডাকসুতে ভিপি নুরসহ তার সহযোগীদের ওপর হামলা হয়। হামলার ঘটনায় সনজিত ও সাদ্দামকে প্রধান আসামি করে শাহবাগ থানায় মামলা করেন ভিপি নুর।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিজ্ঞপ্তিতে তানভীর হাসান সৈকত বলেন, 'ডাকসুর মতো ঐতিহাসিক স্থানে ছাত্রদের ওপর হামলা ডাকসুর জন্য একটি কলঙ্কিত অধ্যায় বলে মনে করি। ডাকসু যেখানে শিক্ষার্থীদের অধিকার আদায় ও মুক্তির হাতিয়ার, সেখানে এ ন্যাক্কারজনক হামলা ছাত্রদের অধিকার খর্ব করেছে। আমরা কোনোভাবে এরকম অমানবিক ও নিষ্ঠুর হামলার সমর্থন করি না। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক। একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধির ওপর হামলার সমগ্র ছাত্রসমাজের জন্য দুঃখজনক'। 

বিবৃতিতে তিনি ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে দায়ের করা নুরুল হকের মামলা প্রত্যাহারেরও আহ্বান জানান।