ট্রাফিক পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর ছেলেকে আটক করা হয় বলে খবর পাওয়া গেছে। পরে বিষয়টি মিটমাট হয়ে যাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা গেট এলাকায় এ ঘটনা ঘটে। বনানী থানার ওসি নুরে আজম মিয়া দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, মাহী বি চৌধুরীর ছেলে কয়েকজন পুলিশ সদস্যের সাথে বাগ্বিতণ্ডায় লিপ্ত হওয়ার কিছুক্ষণ পর পুলিশের গাড়িতে তুলে তাকে বনানী থানায় নিয়ে যাওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, মাহী বি চৌধুরীর ছেলের সঙ্গে ট্রাফিক পুলিশের এক সদস্যের ঝামেলা হয়েছিল। পরে আমরা তাকে থানায় নিয়ে আসি। তার পরিবারের লোকেরা থানায় এলে ট্রাফিক পুলিশের ওই সদস্য তাকে ক্ষমা করে দিলে বিষয়টি মিটমাট হয়ে যায়।