রাজধানীর মোহাম্মদপুরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আব্দুল্লাহ আল হাদী (৩২) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার আব্দুল্লাহ আল হাদীকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ভুক্তভোগী ছাত্রের অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানা-পুলিশ মঙ্গলবার রাতে ওই ইমামকে গ্রেপ্তার করে। ওই মাদ্রাসা ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী মাদ্রাসা ছাত্র বাদী হয়ে থানায় মামলা করলে রাতেই আসামি মসজিদের ইমাম আ. আল হাদীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি জানান, ভুক্তভোগী ওই ছাত্রকে তার অসুস্থ মায়ের চিকিৎসার সহায়তার জন্য মাদ্রাসার শিক্ষক সোমবার মোহাম্মদপুর শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল হাদীর কাছে পাঠান। তিনি মুসল্লিদের কাছ থেকে কিছু টাকা তুলে দেন এবং তাকে মঙ্গলবার সকালে আবার যেতে বলে। মঙ্গলবার ভোরে সে আবার সেখানে যাওয়ার পর ইমাম আল হাদী তার রুমে নিয়ে প্রথমে তার শরীর টিপে দিতে বলে। একপর্যায়ে জোর করে তাকে বলাৎকার করে এবং কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায় বলে ওই মাদ্রাসা ছাত্র অভিযোগ করেছে।