জুভেন্তাস ছেড়ে কাতারি ক্লাবে মানজুকিচ

জুভেন্তাসে অনেক দিন ধরেই ছিলেন উপেক্ষিত। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে একটি ম্যাচেও খেলানো হয়নি তাকে। বোঝাই যাচ্ছিল, ইতালিয়ান ক্লাবটিতে আর ভবিষ্যৎ নেই মারিও মানজুকিচের। সেটাই হলো। সেরি আ চ্যাম্পিয়ন শিবির ছেড়ে কাতারের ক্লাব আল-দুহাইলে নাম লেখালেন ক্রোয়েশিয়ান এই ফুটবলার।

কাতারের ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে. ‘ফ্রি ট্রান্সফার ডিল’ -এর মাধ্যমে জুভেন্তাস থেকে ৩৩ বছর বয়সী এই ফুটবলারকে চুক্তিবদ্ধ করা হয়েছে। সবশেষ গ্রীষ্মকালী দল-বদলের সময় মানজুকিচের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু জুভেন্তাসের সঙ্গে দর কষাকষিতে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

মাওরিসিও সাররি জুভেন্তাসের কোচ হওয়ার পর থেকেই উপেক্ষিত ছিলেন মানজুকিচ। চলতি মৌসুমে কোনো ম্যাচেই খেলানো হয়নি তাকে। ফলে ক্লাবটি ছাড়া ছাড়া কোনো উপায় ছিল না মানজুকিচের। দুহাইলে জুভেন্তাসের সাবেক সতীর্থ মেধি বেনাটিয়াকেও পাচ্ছেন তিনি।

দোহাভিত্তিক ক্লাবটির কোচ টটেনহ্যাম হটস্পারের বর্তমান কোচ হোসে মরিনিয়োর সাবেক সহকারী।

গত বছর রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলায় বড় অবদান ছিল মানজুকিচের। ক্লাব পর্যায়ে এর আগে আতলেতিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের হয়ে সাফল্য দেখিয়েছেন আক্রমণভাগের এই খেলোয়াড়। বায়ার্নের হয়ে ২০১৩ সালে জেতেন চ্যাম্পিয়নস লিগ।