কেরানীগঞ্জ চুনকুটিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫জনকে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. বিধান সরকার।
বাকি ৩জন ঢামেক বার্ন ইউনিটে ও ২জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকবে।
ডা. বিধান সরকার বলেন, দুর্ঘটনায় মোট ৩১জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে ২১জনের মৃত্যু হয়েছে। বাকি ভর্তি ১০জনের মধ্যে ৫জনকে ছাড়পত্র দেওয়া হচ্ছে আজ।
ছাড়পত্র পাওয়া রোগীরা হলেন- আসলাম, সাজিদ, জাকির, বসির ও লাল মিয়া। সবাই এখন শঙ্কামুক্ত। আর সিরাজ, সাখাওয়াত, জিসানকে আরও কিছুদিন ভর্তি থাকতে হবে। সোহাগ দেওয়ান ও ফিরোজ আহমেদ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে।
গত ১১ ডিসেম্বর বিকেল সোয়া ৪টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলা এলাকায় প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লেগে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে দগ্ধ ৩১ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জনের মৃত্যু হয়।