বড়দিনে টাইফুনের আঘাতে লন্ডভন্ড ফিলিপাইন, নিহত ২০

বড়দিনে টাইফুনের আঘাতে লন্ডভন্ড ফিলিপাইনের মধ্যাঞ্চল। টাইফুন ফানফোনের আঘাতে দেশটির প্রত্যন্ত গ্রাম ও জনপ্রিয় পর্যটন এলাকায় কমপক্ষে ২০ ব্যক্তির প্রাণহানি ঘটেছে।

এএফপি ও স্কাই নিউজ জানায়, ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুন ফানফোন ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলে। এতে বিশাল অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

তবে দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানান, ভিসায়াসের শহর ও আশপাশের এলাকা, বোরাকায়, কোরন এবং অন্যান্য পর্যটন কেন্দ্রে টাইফুন ফানফোন আঘাত হানে।

কালিবো বিমানবন্দরে আটকে পড়া কোরিয়ার এক পর্যটক সেখানে থেকে এএফপিকে ছবি পাঠিয়েছে। তিনি জানান, কালিবো বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

এর আগে ২০১৩ সালে একই অঞ্চলে আঘাত হানা সুপার টাইফুন হায়ান। ওই দুর্যোগে ৭৩০০ লোকের প্রাণহানি ঘটেছিল।