অস্ত্র ও পর্নোগ্রাফির মামলায় সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ জন ৪ দিনের রিমান্ডে

অস্ত্র ও পর্নোগ্রাফির মামলায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকসহ তিনজনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক রেজওয়ানুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন। আদালত শুনানি শেষে অস্ত্র মামলায় দুই দিন এবং পর্নোগ্রাফির দুটি মামলায় একদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাদিক ছাড়াও অন্য দুই রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলেন, কথিত সাংবাদিক আকাশ ইসলাম ও পিচ্চি রাসেল।

সাতক্ষীরা সদর থানায় দুজন জনপ্রতিনিধির দায়েরকৃত পর্নোগ্রাফি আইনের দুটি মামলা ও ডিবি পুলিশের এসআই মনিরুল ইসলামের দায়েরকৃত একটি অস্ত্র মামলায় রিমান্ড শুনানির শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাদিকের দুই সহযোগী সাইফুল ও দ্বীপ গত ৩০ নভেম্বর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এ ঘটনায় সাদিককে আসামি করে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়। এছাড়া, দুই জনপ্রতিনিধিকে নগ্ন করে নারী দিয়ে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা সাদিক, কথিত সাংবাদিক আকাশ ইসলাম, সাংবাদিক মনিরুলসহ তার ৫ সহযোগীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে ভুক্তভোগী ওই দুই জনপ্রতিনিধি মামলা দায়ের করেন। গত ১৭ ডিসেম্বর রাতে ঢাকা থেকে সাদিক ও তার সহযোগী নারী সুমাইয়া শিমুকে গ্রেপ্তার করা হয়।