দুদিন বিরতির পর আজ আবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। চট্টগ্রামে দ্বিতীয় পর্বের পর ঢাকায় ফিরেছে টুর্নামেন্ট। আজ শুরুতেই ঢাকা প্লাটুন-চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ঢাকার দ্বিতীয় পর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে খুলনা টাইগার্স ও রংপুর রেঞ্জার্স। পয়েন্ট তালিকার ওপরে থেকে নিশ্চিত অবস্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবুও শেষ চার নিয়ে এখনই ভাবতে নারাজ দলটি। আজ শক্তিশালী ঢাকার বিপক্ষে জয়ই প্রাথমিক লক্ষ্য তাদের।
গতকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস জানান, ‘আমাদের মূল লক্ষ্য পরের ম্যাচ জেতা। আমরা একটি ম্যাচ ধরে এগোচ্ছি। ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত এটাই। শেষ চার নিয়ে এখনো ভাবছি না। আগে ৬ ম্যাচ জিতি, তারপর ভাবা যাবে।’ ম্যাচপ্রতি জেতার পাশাপাশি এবারের উইকেটগুলো নিয়ে সন্তুষ্টি ঝরল ইমরুলের কণ্ঠে, ‘চট্টগ্রামের উইকেট খুবই ভালো ছিল। এমন উইকেটে খেলতে ব্যাটসম্যান হিসেবে ভালো লাগে। আর ঢাকার উইকেট অন্যান্য যেকোনোবারের চেয়ে এবার সবচেয়ে ভালো ছিল। চট্টগ্রামে খেলা থাকায় ঢাকার উইকেটটা বেশ বিশ্রাম পেয়েছে। আশা করি এবার আগের চেয়েও ভালো হবে। এমন উইকেট সবসময়ই আমাদের জন্য ভালো, টুর্নামেন্টের জন্য এবং দর্শকদের জন্য সবসময় ভালো কিছু এনে দেয়।’
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে দুদলের প্রতিনিধি রবি ফ্রাইলিঙ্ক ও ক্যামেরুন ডেলপোর্ট এসে জানিয়ে গেলেন নিজেদের ভুল শুধরে ভালো সময় ফিরে পাওয়ার লক্ষ্য তাদের। খুলনা টাইগার্সের অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক বলেন, ‘আমরা কিন্তু টুর্নামেন্টটি দারুণভাবে শুরু করেছিলাম। টানা তিন ম্যাচ জিতেছি। কিন্তু পরের দুই ম্যাচে হেরে আটকে গেলাম। আসলে টি-টোয়েন্টি মোমেন্টামের বিষয়, এটা ধরে রাখতে পারলে আপনি ভালো করবেন আর না পারলে কাজটা কঠিন হয়ে যাবে। আশা করি ঢাকায় আবারও ভালো সময় ফিরে পাব।’ খুলনার আজকের ম্যাচ রংপুরের বিপক্ষে। যাদের অবস্থান পয়েন্ট তালিকার তলানিতে। তাই জয়ে ফেরার আশা করতে পারে খুলনা। কিন্তু ফ্রাইলিঙ্ক রংপুরকে সমীহ করেই ম্যাচে নামার কথা জানালেন, ‘টি-টোয়েন্টি কিন্তু যেকোনো দলের ম্যাচ। যে ভালো করবে সেই জিতবে। তাই আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না বরং নিজেদের ভুল শুধরে নামতে চাইছি।’
এদিকে বাজে সময়ে থাকা রংপুর রেঞ্জার্সের ডেলপোর্ট এখনো সেরা চারের স্বপ্ন দেখছেন, ‘আমরা হতাশার কিছু দেখছি না। আমাদের বিশ্বাস শেষ চারে এখনো আমাদের সুযোগ আছে। শুধু একটি জয়ের প্রয়োজন। আমরা চট্টগ্রামে প্রথম ম্যাচ জিতেছি। এটা ধরে রাখা উচিত ছিল। অবশ্যই ঢাকাতেও ভালো কিছু দেখছি। আসলে আমাদের সবার মানিয়ে নিতে দেরি হচ্ছে। এটা ঠিক হলেই সব ঠিক হবে আশা করি।’