এশিয়া ও বিশ্ব একাদশ সিরিজ

পাকিস্তানের ক্রিকেটার থাকছেন না?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর বিশেষ আয়োজন রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়োজনের সেরাÑ বিশ্ব বনাম এশিয়া একাদশ দুটি টি-টোয়েন্টি ম্যাচ। মার্চে হবে এই দুই ম্যাচ। গতকাল আইসিসির কাছ থেকে সুসংবাদ এলো ম্যাচ দুটিকে আন্তর্জাতিক স্ট্যাটাস দেওয়া হচ্ছে। তবে এই সিরিজে পাকিস্তানের কোনো ক্রিকেটার থাকছেন না এশিয়া একাদশে। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসের খবর, ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তপ্ত সম্পর্ক চলছে, তাতে এ দুই দেশের মধ্যে যেকোনো একটি দেশের খেলোয়াড় নিয়ে এশিয়া একাদশ গড়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিসিসিআইয়ের যুগ্ম সচিব জয়েশ জর্জের এক মন্তব্যের ওপর ভিত্তি করে এমন সংবাদ করে আইএনএস। জর্জ বলেন, ‘এশিয়া একাদশে কোনো পাকিস্তানি ক্রিকেটার থাকবেন নাÑ এটাই জানতে পেয়েছি আমরা। আর তাই দু’দেশের ক্রিকেটাররা একসঙ্গে খেলবেন এমন কোনো সম্ভাবনা নেই। আর এশিয়া একাদশে (ভারত থেকে) কোন পাঁচ ক্রিকেটার থাকবেন, তা ঠিক করবেন সৌরভ গাঙ্গুলি।’

কিন্তু বিসিবিপ্রধান জানালেন এমন বিষয়ে ভারতীয় কোনো সংবাদমাধ্যম তাদের সঙ্গে যোগাযোগ করেনি। আসলে ওই সিরিজের সময় পাকিস্তানি ক্রিকেটাররা পিএসএল নিয়ে ব্যস্ত থাকবেন বলে তাদের এশিয়া একাদশে রাখা সম্ভব নয়। ‘যখন সব বোর্ডের সঙ্গে এই সিরিজের ব্যাপারে যোগাযোগ করছিলাম তখন একমাত্র পাকিস্তান জানিয়েছিল ওই সময়ে ওদের পিএসএল থাকবে। তাই সিরিজের সময় আগে-পিছে করা যায় কি না। আমরা জানিয়েছি এটা সম্ভব নয়, কারণ বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ, আর আমাদের এই সিরিজ আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছে ১৮-২২ মার্চ।’