গণপূর্ত অধিদপ্তরের দুই অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের মধ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মইনুল ইসলামকে গতকাল বৃহস্পতিবার তলবী নোটিস দিয়ে আগামী ৫ জানুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে। এছাড়া মোসলেহ উদ্দীনকেও শিগগিরই ডাকা হবে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে জানিয়েছেন।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘ঠিকাদার গোলাম কিবরিয়া (জিকে) শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জনপূর্বক বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এই অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য একান্ত প্রয়োজন।’