পরিচালকের প্রেমিকাকে মুগ্ধ করতে গিয়ে বিজ্ঞাপনে সুযোগ পান সালমান

শুক্রবার ৫৪তম জন্মদিন পালন করছেন সালমান খান। বলিউডের ফিল্মি পরিবার থেকে আসা এই নায়ক ক্যারিয়ারের আড়াই দশকে এসেও ভীষণ জনপ্রিয়। টানা ১০০ কোটি রুপির ১৫টি সিনেমা উপহার দিয়েছেন, যা একটি রেকর্ড।

বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন সালমান। আর সেই বিজ্ঞাপনের প্রস্তাবটি এসেছিল আচমকাই। সম্প্রতি ‘দ্য তারা শর্মা শো’তে জানান, এক তরুণীকে ইমপ্রেস করতে গিয়েই ‘ক্যাম্পা কোলা’র বিজ্ঞাপনে সুযোগ পান।

ব্যাপারটি এমন যে, সালমানে মুম্বাইয়ের একটি ক্লাবে সাঁতার কাটতে গিয়েছিলেন। সেখানে এক সুন্দরী তরুণীকে দেখে খুবই ভালো লেগে যায়। তাকে ইমপ্রেস করতে চট করে সুইমিং পুলে ডাইভ দেন।

“আমি দেখলাম খুব সুন্দরী একজন মেয়ে লাল শাড়ি পরে হেঁটে আসছে। ইমপ্রেস করতে আমি ডাইভ দিলাম পানিতে আর এতটাই বোকা ছিলাম যে বাকিটা সময় পুলের তলায় সাঁতার কাটলাম। তাই পানি থেকে উঠে আর মেয়েটিকে আশপাশে খুঁজে পেলাম না। পরের দিন আমি ফার প্রোডাকশনস থেকে ফোন পেলাম যে ওরা ‘ক্যাম্পা কোলা’র বিজ্ঞাপনে আমাকে নিতে ইচ্ছুক। আমি তো ভেবেই পেলাম না যে এমনটা ঘটল কীভাবে”, বলেন সালমান।

পরের দিন গেলেন ওই প্রযোজনা সংস্থার অফিসে দেখা করতে। সেখানেই তার সঙ্গে পরিচয় অ্যাড ফিল্মমেকার কৈলাস সুরেন্দ্রনাথের। তিনি সালমানকে ক্যামেরার সামনে প্রথম ব্রেক দিয়েছিলেন এবং তাকে এই তারকার মেন্টর ছিলেন বলা যায়।

সালমান বলেন, “আমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে সব ঠিক আছে কিন্তু আমার নম্বর পেলেন কী করে। তখন উনি বলেন, যে মেয়েটিকে তুমি ইমপ্রেস করতে গিয়েছিলে, সে আমার গার্লফ্রেন্ড। ওই আমাকে বলল যে এই ছেলেটি খুবই ভালো সাঁতার জানে।”

ওই বিজ্ঞাপনে পরিচালক চাইছিলেন এমন একজনকে যে পানির নিচে সাঁতার কাটতে পারে। সালমান জানালেন যে ওই সময় তিনি ও জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা ছাড়া ফিল্ম ও মডেলিং দুনিয়ায় এমন কেউ ছিলেন না যারা পানির তলায় অনেক দূর সাঁতার কাটতে পারেন।

বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে সালমানের ‘দাবাং থ্রি’। হাতে আছে ‘রাধে’ ও ‘কিক টু’।