নোয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে উপজেলার পূর্ব নাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোখলেছুর রহমান ওরফে ডাকাত সুবল (৩৮) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের এছাক মিয়ার ছেলে।

মোখলেছুর রহমান ডাকাতির ১১ মামলার আসামি বলে জানিয়েছেন সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ।

পুলিশ জানায়, সুবলের বিরুদ্ধে জেলার সোনাইমুড়ি, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জসহ বিভিন্ন থানায় ১১টি ডাকাতি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

ওসি আবদুস সামাদ বলেন, সোনাইমুড়ি থানার টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করলে ডাকাতরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।