জার্মান ছাত্রের পর সিএএ ও এনআরসি ইস্যুতে এবার নরওয়ের এক নারী পর্যটককে ফেরত পাঠাল ভারত।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নরওয়ের বাসিন্দা জেনে মেট্টে জোহানসন কেরালায় ঘুরতে এসেছিলেন। ২৩ ডিসেম্বর বিতর্কিত নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধী বিক্ষোভের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
ফেসবুক পোস্টটিতে দেখা যায়, বিক্ষোভে অংশ নেন জোহানসন। তার পাশে এক ভারতীয় নাগরিককে দেখা গেছে বিজেপি বিরোধী প্ল্যাকার্ড হাতে।
এই ঘটনায় শুক্রবার তার হোটেলে হাজির হন ফরেন রিজওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) একজন কর্মকর্তা।
তিনি জোহানশেনকে জানান, ভিসার নিয়ম লঙ্ঘন করায় তাকে এখনই দেশে ফিরে যেতে হবে। নয়তো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এরপরই তিনি টিকিট কেটে ফিরে যাচ্ছেন বলে ফেসবুকে জানান নরওয়ের ওই পর্যটক। এই সময় ওই কর্মকর্তা তার সঙ্গে বেশ চিৎকার চেঁচামেচি ও করেন বলে জানা যায়।
ফেসবুকে তিনি জানান, বিমানের টিকিট না কাটা পর্যন্ত এফআরআরও কর্মকর্তা তার সামনেই বসেছিলেন।
এই ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এর আগে জামিয়া মিলিয়ায় পুলিশের নৃশংস হামলার ঘটনায় বিক্ষোভে যোগ দিয়েছিলেন চেন্নাই আইআইটির শিক্ষার্থী ২৪ বছরের জেকব লিনডেনথাল। কর্তৃপক্ষের নির্দেশে রাতারাতি ভারত ত্যাগ করতে হয় এই জার্মান নাগরিককে।
জানা যায়, জার্মানির ড্রেসডেনের বাসিন্দা জেকব স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে এক বছরের জন্য আইআইটিতে এসেছিলেন। পড়াশোনা শেষ করে আগামী জুনে দেশে ফেরার কথা ছিল পদার্থবিজ্ঞানের এই শিক্ষার্থীর। আইআইটির প্রতিটি মিছিলেই দেখা যায় জেকবকে।