ব্রুস লি’র ছবি ব্যবহার করায় ৩ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি

অনুমতি ছাড়া ব্রুস লি’র ছবি ব্যবহার করায় একটি ফাস্ট ফুড চেইনকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রয়াত মার্শাল আর্ট তারকার মেয়ে শ্যানন লি’র প্রতিষ্ঠান। বিপুল অঙ্কের ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।

ব্রুস লি এন্টারপ্রাইজের অভিযোগ, ১৫ বছর ধরে ‘এন্টার দ্য ড্রাগন’ তারকার ছবি লোগো আকারে ব্যবহার করছে রেস্তোরাঁটি। যা মেধাস্বত্ব অধিকারের লঙ্ঘন। অবশ্য বৃহস্পতিবার রেস্টুরেন্টের মালিক জানান, চীনা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তারা লোগোটি ব্যবহার করছেন।

টুইটারের মতো চীনে বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম উইবোতে আরও বলা হয়, এত বছর পর অভিযোগ ওঠায় তারা হতভম্ব। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে, এরপরই আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে।

এ দিকে শ্যাননের নোটিশে বলা হয়, লোগো থেকে অতি সত্বর তার বাবার ছবি সরাতে হবে। নব্বই দিনের মধ্যে স্পষ্ট করে জানাতে হবে গুয়াংজু ভিত্তিক রেস্তোরাঁ চেইন রিয়েল কুংফু’র সঙ্গে ব্রুস লি’র কোনো ধরনের সম্পর্ক নেই। ক্ষতিপূরণ হিসেবে ২১ কোটি ইয়ান বা ৩ কোটি ডলার দাবি করেছেন তিনি।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় রিয়েল কুংফু। ২০০৪ সালে কুংফুর ভঙ্গিমায় কালো চুলের এক ব্যক্তিকে দেখা যায় লোগোতে। যিনি দেখতে ব্রুস লি’র মতোই।

এর আগে চলতি বছরের মাঝামাঝিতে পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর সঙ্গে বিবাদে জড়ান শ্যানন লি। অভিযোগ তোলেন ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এ ব্রুস লি’কে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই নিয়ে শ্যানন ও টারান্টিনো পাল্টাপাল্টি বিবৃতি দেন। শোনা যায়, শ্যাননের আবেদনের কারণে চীনা কর্তৃপক্ষ পরিচালককে সিনেমাটির দৃশ্য সংশোধনের কথা বলেন। তবে টারান্টিনো সেই নির্দেশনা গ্রাহ্য করেননি।