নয়াপল্টনে বিএনপি কার্যালয় এলাকায় বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের পশ্চিম পাশে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর থেকেই  বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন। এ সময় দুপুর সোয়া ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অদূরে একটি বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। 

পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের মনোনয়নপত্র দাখিল করতে বিএনপির অনেক প্রার্থী ও নেতাকর্মী তাদের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। দাখিলের সময় বিএনপির কার্যালয় থেকে কিছুটা দূরে নাইটিঙ্গেল মোড়ে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে এটি ককটেল না অন্য কিছু তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।