বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য মেয়রের ফ্রি বাস সার্ভিস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

শুক্রবার থেকে ববিতে স্নাতক সম্মান প্রথম বর্ষের দুই দিনব্যাপী এই ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল এবং লঞ্চঘাট এলাকা থেকে ১২টি বাস ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেয়।

শুক্রবার প্রথম দিন সকালে ‘খ’ ইউনিট এবং বিকালে ‘গ’ ইউনিট এবং আগামীকাল শনিবার সকালে ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেবে প্রায় অর্ধলাখ শিক্ষার্থী।

দ্বিতীয় দিন শনিবারও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একইভাবে প্রয়োজনীয় ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে।

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু এই তথ্য নিশ্চিত করেছেন।