এআরবি’র প্রথম কমিটির প্রেসিডেন্ট সাজ্জাত, সম্পাদক তুষার

পরমাণু, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কাজ করা গণমাধ্যমকর্মীদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশ'র (এআরবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার আরিফুল সাজ্জাত। ভাইস প্রেসিডেন্ট ও সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার রিশান নসরুল্লাহ ও দৈনিক সংবাদের ফয়েজ আহমেদ খান তুষার। 

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে সংগঠনের ২০২০-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও ইংরেজি দৈনিক নিউএজ'র সাবেক সিনিয়র রিপোর্টার মনজুরুল আহসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সাংগাঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অনলাইন বার্তা-২৪ এর সেরাজুল ইসলাম সিরাজ, ট্রেজারার পদে দৈনিক সমকালের হাসনাইন ইমতিয়াজ, অফিস সেক্রেটারি পদে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের ইয়ামিন সাজিদ, ট্রেনিং এন্ড রিসার্চ সেক্রেটারি পদে সময় টিভির দেবাশীষ রায়, কমিউনিকেশন এন্ড পাবলিকেশন সেক্রেটারি পদে গাজী টিভির ফেরদৌস আরেফিন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিবিসি বাংলার আবুল কালাম আজাদ, একাত্তর টিভির মুজাহিরুল হক রুমেন ও যমুনা টিভির মো. মাহফুজুর রহমান (মাহফুজ মিশু)। 

নতুন কমিটির প্রেসিডেন্ট আরিফুল সাজ্জাত তাকে নির্বাচিত করায় সংগঠনের সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নত জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। স্বাস্থ্য, কৃষি কিংবা বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তি নতুন মাত্রা যুক্ত করেছে। বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু খাতে ওয়াচডগের ভূমিকা পালন করবে এআরবি। পরমাণু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন এআরবি ২০১৯ সালের ২৮ জুন আত্মপ্রকাশ করে। ৫ মাসের মাথায় নির্বাচনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।