কাজাখস্তানে বিমান বিধ্বস্তে নিহত ১৪

কাজাখস্তানের আলমাটি শহরের কাছে বেকএয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জনের মৃত্যু ও ৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

বিমানটিতে ৯৩ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে আলমাটি বিমানবন্দর থেকে কাজাখস্তানের রাজধানী নুর সুলতানের উদ্দেশে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।

উড্ডয়নের পরপরই উচ্চতা হারাতে শুরু করে ফকার ১০০ বিমানটি। এরপর সেটি প্রথমে একটি কংক্রিটের দেয়ালে ধাক্কা খায় এবং তারপর একটি দোতলা বাড়ির ওপর আছড়ে পড়ে। তবে বিধ্বস্ত উড়োজাহাজে আগুন ধরেনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে বিধ্বস্ত উড়োজাহাজ ও ভবনের যেসব ছবি এবং ভিডিও এসেছে, সেখানে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের কাজ করতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সের জন্য আকুতি শোনা গেছে এক নারীর কণ্ঠে।

কাজাখস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নিহতদের মধ্যে ছয়জন শিশু বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছেন তিনি। আর বিমানবন্দর কর্র্তৃপক্ষ ৬০ জন যাত্রীর একটি তালিকা প্রকাশ করে জানিয়েছে, তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমান বিধ্বস্তের পর একজন ক্রু জরুরি নির্গমন পথ খুলে দিয়ে যাত্রীদের বের করে দেওয়ার চেষ্টা করেন। নিচে নেমে তিনি দেখতে পান, তাদের উড়োজাহাজ মোটামুটি টুকরো হয়ে গেছে।

দুর্ঘটনা যখন ঘটে তখন ওই এলাকায় ঘন কুয়াশা ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন করা হয়েছে বলে জানিয়েছে আলমাটি বিমানবন্দর কর্র্তৃপক্ষ।