চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে একাই সাতটি কেন্দ্র দখল করেছেন এমন তথ্য জানিয়ে চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আবু রেজা নদভীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, চট্টগ্রাম-৮ আসনের আসন্ন উপনির্বাচনেও একই ভূমিকা তিনি রাখবেন।
বুধবার রাতে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নগরীর লালখান বাজারে মোছলেম উদ্দীনের বাসভবনে আয়োজিত এক মতবিনিময়ে আরও কয়েকজন সাংসদ ও আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে এমপি নদভী এসব কথা বলেন।
তবে এমন বক্তব্যের কথা অস্বীকার করেন এমপি নদভী।
এদিকে এ বক্তব্যের প্রেক্ষিতে এমপি নদভীর বিরুদ্ধে নির্বাচন বিধিমালার লঙ্ঘনের অভিযোগ এনেছেন উপনির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী আবু সুফিয়ান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এমপি নদভী তার বক্তব্যে বলেছেন, আমরা সবাই কাজ করব উনার জন্য। বোয়ালখালীতেও যাব এবং চান্দগাঁও এরিয়াতেও আমি যাব। চান্দগাঁও এরিয়া যেহেতু আমার এরিয়া, আমি ওখানে থাকি। ইনশাল্লাহ আমরা একসঙ্গে কাজ করব। ইনশাল্লাহ আমরা চান্দগাঁও এলাকায় থাকব। আ জ ম নাছির সাহেবের নির্বাচনের জন্য চান্দগাঁও সাতটি কেন্দ্র আমি নিয়ন্ত্রণে নিয়েছিলাম। লোকজন তখন বলাবলি করছিল, “নদভী সাহেবকে তো আলেম মনে করতাম, উনি তো সন্ত্রাসী বোধহয়। কয় দে উনি তো গুণ্ডা সন্ত্রাসী, আলেম মনে করতাম।”
তিনি তখন আরো বলেন, আমরা চান্দগাঁওতে কাজ করব, বোয়ালখালীতেও কাজ করব। বোয়ালখালীতে আলেম-ওলামাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আলেম-ওলামাদের সঙ্গে অলরেডি আমি কথা বলেছি। যেভাবে আমাদের নেতৃবৃন্দ নির্দেশনা দেয় সেভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ। এবং মোছলেম ভাইকে ইনশাল্লাহ আমরা এমপি বানায়ে সংসদে ইনশাল্লাহ নিয়ে আসব।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর ব্যাপারে জানতে চাইলে তা অস্বীকার করে সাংসদ আবু রেজা নদভী দেশ রূপান্তরকে বলেন, ‘এগুলো সব ভুয়া। আমি এ বিষয়ে আর কোনো কথা বলব না।’
সাংসদ নদভীর এ বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে টিআইবি-সনাক চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, একজন সাংসদ যিনি সংসদে আইন প্রণয়ন করেন তার মুখ থেকে যখন এমন বক্তব্য আসে তখন আমাদের বুঝতে হবে দেশের বড় দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করার জন্য কোন মানের লোককে মনোনয়ন দিচ্ছে।
তিনি বলেন, এমপি সাহেব হয়তো নিজের মুখে সত্য কথাটিই বলে ফেলেছেন। এতে আমাদের দেশে বিভিন্ন সময় অনুষ্ঠিত নির্বাচন নিয়ে যেসব প্রশ্ন উত্থাপিত হয়েছে, সাংসদ নদভীর বক্তব্য সেসব প্রশ্নের যৌক্তিকতার কিছুটা হলেও প্রমাণ দিচ্ছে।
এদিকে আওয়ামী লীগ দলীয় এমপি নদভীর বক্তব্যের এ ভিডিওর সূত্র ধরে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।
নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বরাবর বৃহস্পতিবার এ অভিযোগ দেন তিনি।
দেশ রূপান্তরের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে আবু সুফিয়ান বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে সাংসদের মতো দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তি যেভাবে সাধারণ মানুষের ভোটাধিকার হরণের তৎপরতায় লিপ্ত হয়েছেন তা অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। একই সঙ্গে নির্বাচন বিধিমালা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।