শেষ হলো তিন দিনব্যাপী ভবিষ্যৎ স্থপতিদের প্রকল্প প্রদর্শনী

তিন দিনব্যাপী ভবিষ্যৎ স্থপতিদের প্রকল্প প্রদর্শনী সফল ভাবে শেষ হয়েছে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) শেষ হয় এই প্রদর্শনী।

ভবিষ্যৎ স্থপতিদের পেশাজীবীদের সাথে যুক্ত করার পাশাপাশি ও তাদের আরও উৎসাহ দিতে ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস’ কর্মসূচির অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা গবেষণাপত্রের ২৮ টি প্রকল্প প্রদর্শিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা নবীন স্থপতিদের মানসম্পন্ন ও অত্যাধুনিক প্রকল্পের এ প্রদর্শনীতে ভিড় করেন।

সম্প্রতি আইএবি সেন্টারে এক সমঝোতা চুক্তি সইয়ের মাধ্যমে ভবিষ্যৎ স্থপতিদের জন্য ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস্: বেস্ট আন্ডারগ্রাজুয়েট থিসিস’ নামে একটি অ্যাওয়ার্ড চালু করা হয়। এর মাধ্যমে স্থাপত্য বিভাগে মেধাবী শিক্ষার্থীরা তাদের পেশাগত জীবন শুরুর আগেই নিজেদের প্রতিভা প্রমাণ করার সুযোগ পাবে।

প্রদর্শিত প্রকল্পগুলো হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনালের নতুন কাঠামো, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের নতুন কাঠামো, খুলনার প্রস্তাবিত বঙ্গবন্ধু নভোথিয়েটার, মেমোরিয়াল ফর বীরাঙ্গনা অ্যান্ড সেন্টার ফর টর্চার উইমেন কাঠামোসহ বিভিন্ন স্থাপনা।

প্রকল্পের মধ্যে জুরি বোর্ডের নির্বাচিত তিনটি সেরা প্রকল্প চূড়ান্ত করে আগামী ৮ জানুয়ারি একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সেরা তিন বিজয়ীর মধ্যে প্রথম বিজয়ী ১ লাখ টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট, দ্বিতীয় বিজয়ী ৭৫ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট এবং তৃতীয় বিজয়ী পাবেন ৫০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট।