‘পাকিস্তান চলে যাও’- বিক্ষোভকারীদের উদ্দেশে ভারতের পুলিশ

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভে উত্তাল গোটা ভারত। বিক্ষোভ উত্তপ্ত বিজেপি শাসিত উত্তরপ্রদেশ রাজ্য। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, মুসলিমদের টার্গেট কিলিংয়েরও।

এবার এক পুলিশ কর্মকর্তার সাম্প্রদায়িক মন্তব্য ভাইরাল হয়েছে এক ভিডিওতে। ঘটনাটি উত্তরপ্রদেশের মীরাটের বলে জানিয়েছে এনডিটিভি।

শুক্রবার একটি মুসলিম প্রধান এলাকায় গিয়ে অত্যন্ত সাম্প্রদায়িক মন্তব্য করতে শোনা যায় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে!

প্রতিবেদনে বলা হয়, নাগরিকত্ব আইন নিয়ে শুক্রবার জুমার নামাজের পরে নতুন করে শহরে বিক্ষোভ শুরু হয়। ওই বিক্ষোভকে সামাল দিতে গিয়েই সাম্প্রদায়িক মন্তব্য করে বসেন ওই পুলিশ কর্মকর্তা।

এনডিটিভির হাতে আসা একটি মোবাইল ফোনের ভিডিওতে মীরাটের পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং তথা জেলা পুলিশের দ্বিতীয় কমান্ডকে রায়ট গিয়ার পরে সরু গলিতে হাঁটতে দেখা যায়। রায়ট গিয়ার পরা আরও কয়েকজন পুলিশকেও তার সঙ্গে হাঁটতে দেখা যায়।

অখিলেশ নারায়ণ সিং এমন জায়গায় থামেন, যেখানে টুপি পরা কয়েকজন মুসলিম দাঁড়িয়ে ছিলেন। দুটি মিনিটের কম ওই ভিডিওতে অখিলেশকে পাশেই দাঁড়িয়ে থাকা দুজনের উদ্দেশে বলতে শোনা যায়, ‘কাঁহা যাওগে? ইস গলি কো ম্যায় ঠিক করুঙ্গা।’

জবাবে মুসলিমদের একজনকে বলতে শোনা যায়, ‘আমরা কেবল আমাদের নামাজ পড়ছিলাম।’

তখন অখিলেশ বলেন, ‘সে ঠিক আছে। না হলে আপনাদের যারা কালো আর নীল ব্যাজ পরে আছেন, তাদের পাকিস্তানে চলে যেতে বলুন।’

ভিডিওতে দেখা যায় অখিলেশ সিং এবং অন্যান্য পুলিশ সদস্যরা এরপর এগিয়ে যেতে শুরু করেন। বেশ ক্ষুব্ধ দৃষ্টিতেই ওই কর্মকর্তা কমপক্ষে তিনবার ওই মুসলিমদের কাছে ফিরে এসে বলেন, এক এক ঘরকে এক এক আদমি কো জেল মে ভর দুঙ্গা ম্যায় (ঘরে ঘরে গিয়ে সবাইকে আমি জেলে ঢুকিয়ে দেব)।’

একেবারে শেষে তাকে বলতে শোনা যায়, ‘আমি সবাইকে শেষ করে দেব।’

অবশ্য কোনো পরিস্থিতিতে এই পুলিশ কর্মকর্তা এমন সাম্প্রদায়িক প্ররোচনা দিয়েছেন তা স্পষ্ট নয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে অখিলেশ বলেছেন, ‘প্রসঙ্গটি হলো অসামাজিক কিছু মানুষ পাকিস্তানপন্থী বক্তব্য দিচ্ছিলেন। আমরা সবাই ওখানে দেখতে এসেছিলাম কারা কারা পাকিস্তানপন্থী বক্তব্য রাখছে।’