বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধা

আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শনিবার সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানানো হয়।

বাসস জানায়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এরপর শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণের ভেতর দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে দলটির প্রধান হিসেবে নবমবারের পুনর্নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। দ্বিতীয় মেয়াদে দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।