ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থানায় ঢাবি ছাত্রলীগের জগন্নাথ হল শাখার প্রচার সম্পাদক অর্ণব হোড় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির বলেন, সাধারণ শিক্ষার্থীসহ বাদি ও ছাত্রলীগের মানহানি হওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে ডাকসু ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। নুরুল হক নুরের ফেইসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। যার প্রেক্ষিতে বাদী এ মামলা করেন।
তিনি বলেন,ডিজিটাল আইনের ২৫, ২৬, ২৯ ও ৩১ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ঢাবির এ শিক্ষার্থী।
তিনি বলেন, মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) আইসিটি শাখায় স্থানান্তর করা হবে।
এর আগে বুধবার শাহবাগ থানায় নুরের বিরুদ্ধে চুরি ও হত্যা চেষ্টার মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র ডিএম সাব্বির হোসেন। মামলায় আসামি করা হয়েছে নুরসহ ২৯ জনকে।