হাকিমপুরে গুণিজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ১০ ব্যক্তিকে গুণিজন সম্মাননা ও ভালো ফলাফলের জন্য কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের ১০ বছর পূর্তি উপলক্ষে গতকাল শনিবার দুপুর ১২টায় স্কুল প্রাঙ্গণে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন প্রধান অতিথি হিসেবে তাদের এই সংবর্ধনা দেন।

বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের পরিচালক ওবায়দুর রহমান সূচনা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ, হাকিমপুর থানার ওসি মাহবুবুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান প্রমুখ।

এ সময় স্থানীয় ৭ জন গুণী ব্যক্তি এবং শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় দুই চেয়ারম্যান, ডাক্তারসহ মোট ১০ ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসে ভালো ফলাফলের জন্য ১৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।