ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচন

মুন্সীগঞ্জে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মধ্যে গতকাল শনিবার হামলা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় চেয়ারম্যান প্রার্থীর ক্যাম্প ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে বিকেল ৫টার দিকে লঘুরচর গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল হক মিঠু ও স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেনের সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে হোসেন্দী বাজার ও দুপুর দেড়টার দিকে ভবানীপুর এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

গজারিয়া থানার ওসি (তদন্ত) মামুন-উর-রশিদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর সমর্থকরা মিছিল নিয়ে হোসেন্দী বাজারে এলে মনিরুল হক মিঠুর সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় চারজন আহত হয়। দুপুর দেড়টার দিকে ভবানীপুর গ্রামে ওই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষ বাধলে কমপক্ষে তিনজন আহত হয়।

গজারিয়া থানার ওসি হারুন-অর-রশিদ জানান, বিকেল ৫টার দিকে লঘুরচর গ্রামে স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্প ভাঙচুর করা হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।