আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সোনদাহ গ্রামে গতকাল শনিবার সকালে আওয়ামী লীগ সমর্থক দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে সোনদাহ গ্রামের মতলেব হোসেন ও জালাল হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত পাঁচদিন আগে গ্রামের একটি চায়ের দোকানে জালাল হোসেনের লোকজন মতলেব হোসেনের এক সমর্থককে মারধর করে। এ নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
খবর পেয়ে শৈলকুপা থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে সাতজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।