ঘোষণাবহির্ভূত পণ্য আমদানি

আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে কাস্টমসের মানি লন্ডারিং মামলা

ঘোষণাবহির্ভূত পণ্য আমদানির মাধ্যমে মুদ্রা পাচার ও চোরাচালানের অভিযোগে এক আমদানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা করেছে চট্টগ্রাম কাস্টমস। কাস্টমসের এআইআর শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা মোতাহার হোসেন বাদী হয়ে গত শুক্রবার সন্ধ্যায় নগরীর বন্দর থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান হংকং সেলের স্বত্বাধিকারী কাইয়ুম মিয়া, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান চট্টগ্রামের আগ্রাবাদে ট্রাইকম ফ্রেইট অ্যান্ড লজিস্টিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নারায়ণ চন্দ্র ঘোষ, পরিচালক তরুণ কুমার ঘোষ, স্বপন কুমার মুখার্জি ও জেটি সরকার একরামুল হক।

কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানিকারক প্রতিষ্ঠান হংকং সেল হার্ডওয়ার সামগ্রীর ঘোষণা দিয়ে চীন থেকে একটি চালান আনে এবং তাদের নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টের লোকজন জালিয়াতির মাধ্যমে তা খালাসের চেষ্টা করে। পরে ওই চালানের পণ্য কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের বাইরে বেশ কিছু হুইলচেয়ার ও খেলনা গাড়ি পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার নুর উদ্দিন মিলন জানান, গোপন তথ্যের ভিত্তিতে হংকং সেলের আমদানির চালান পরীক্ষা করে সেখানে বেশ কিছু ঘোষণাবহির্ভূত পণ্য পাওয়া যায়। এতে প্রায় ১২ লাখ টাকার শুল্ক ফাঁকির ঘটনা ঘটে। এ ব্যাপারে আমদানিকারক ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, মুদ্রা পাচার, চোরাচালান ও শুল্ক আইনে মামলা করা হয়েছে।