রাবিতে বাংলাদেশ চীন যৌথ গবেষণা ইনস্টিটিউট চালু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গে চীনের হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘সিনো-বাংলাদেশ বায়োইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট’ নামে একটি যৌথ গবেষণা ইনস্টিটিউট চালু করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ড. এম ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনে এ গবেষণা ইনস্টিটিউটের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট ইয়াও জিয়াংলিন।

এর আগে, সফরকারী হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ছয় সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে স্বাগতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘সিনো-বাংলাদেশ বায়োইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট’ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক এম মনজুর হোসেন এই ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এই ইনস্টিটিউট বাংলাদেশ ও চীন তথা এই অঞ্চলে সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নে নবদিগন্তের সূচনা করবে, যা সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আজ রবিবার চীনের হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল এক লেকচার সিরিজে অংশ নেবেন। লেকচার সিরিজে ‘চাইনিজ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ: বায়োইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অপরচুনিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না’ শিরোনামে প্রবন্ধসহ সংশ্লিষ্ট বিষয়ে চারটি প্রবন্ধ উপস্থাপনের বিষয় নির্ধারণ করা হয়েছে।