শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২১ সাল থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি কারিগরি ট্রেডে (বিষয়) শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
শনিবার চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন কারিগরি শিক্ষার ওপর আমরা অনেক বেশি জোর দিয়েছি। এ বছর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু হচ্ছে। ২০২১ সাল থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি কারিগরি ট্রেড (বিষয়) চালু করা হবে। যাতে শিক্ষার্থীরা সেগুলো শিখে কর্মক্ষম হয়ে উঠতে পারে।’
ভর্তিবাণিজ্য বন্ধে গণমাধ্যম ও অভিভাবকদের সহযোগিতা চেয়ে দীপু মনি আরও বলেন, ‘কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অনিয়ম করছে। সেগুলোর বিষয়ে আমাদের কড়া নজরদারি রয়েছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়; সামাজিক সচেতনতার জন্য গণমাধ্যম ও অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। স্বাগত বক্তব্য দেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন।
সাবেক শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক ছাত্র বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ কে এম ফজলুল হক মিয়া, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।