ম্যানইউর সহজ জয়ের রাতে লেস্টারের হাসি

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের টানা দ্বিতীয় জয়ের রাতে নিজেদের দ্বিতীয় স্থান আরও মজবুত করেছে লেস্টার সিটি।

শনিবার দুই অর্ধের দুই গোলে বার্নলিকে হারিয়েছে ম্যানইউ। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে লেস্টার।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ইউনাইটেডের ২-০ ব্যবধানে জয়ে গোল দুটি করেন অঁতনি মার্সিয়াল ও মার্কাস র‌্যাশফোর্ড।

মৌসুমজুড়ে বারবার ছন্দ হারানো উলে গুনার সুলশারের দলের এবারের লিগে এটি তৃতীয় ‘অ্যাওয়ে’ জয়। ২০ ম্যাচে মোট আট জয় ও সাত ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে আছে তারা। ১ পয়েন্ট কম নিয়ে ছয়ে আছে টটেনহ্যাম হটস্পার। এক ম্যাচ কম খেলা উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের পয়েন্টও তাদের সমান ৩০।

১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারানো লেস্টার সিটি ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ১৯ ম্যাচ খেলা ম্যানচেস্টার সিটি। চারে থাকা চেলসির পয়েন্ট ১৯ ম্যাচে ৩২।