বঙ্গবন্ধু গোল্ডকাপ এবার শুধু ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে। গতবার ঢাকার পাশাপাশি সিলেট এবং কক্সবাজারেও হয়েছিল।
রবিবার দুপুরে বাফুফে ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষকের স্বত্ব কিনে নেওয়া কে স্পোর্টসের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয় এসব তথ্য। ১৫ এপ্রিল শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ২৫ এপ্রিল।
ঢাকার বাইরে খেলা না দেওয়ার কারণ ব্যাখ্যা করে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট। এ জন্য এবারের পুরো আয়োজন আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই করতে চাই।’
স্বাগতিক বাংলাদেশ দলের সঙ্গে টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা লাওস, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, মঙ্গোলিয়া ও কিরগিজস্তান দলের।
৪ জানুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে হবে টুর্নামেন্টের ড্র ও লোগো উন্মোচন অনুষ্ঠান।
এবারের আসরে বিশ্ব ফুটবলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারকে আনতে পারে বাফুফে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে।
ফিফায় কিংবদন্তি ফুটবলারদের একটি শাখা আছে। তাদের সঙ্গেই মূলত যোগাযোগ করছে বাংলাদেশ। বড়দিনের ছুটি শেষ হলে ফিফা থেকে সাড়া পাওয়ার আশা করছেন বাফুফে কর্মকর্তারা।